স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমিউর পদ আরো হুমকির মুখে পড়ল, তিনি পদে থাকছেন কি না—এ নিয়ে কাতালান ক্লাবটিতে গণভোটের আয়োজন হচ্ছে অচিরেই। তার বিপক্ষে করা ক্লাবটিরই সদস্য জর্দি ফেরের করা অনাস্থা ভোটের পক্ষে ২০ হাজারেও বেশি স্বাক্ষর আসাতেই এই পরিণতির মুখে পড়তে হচ্ছে বার্সা সভাপতিকে।
অনাস্থা ভোটের পক্ষে প্রয়োজনীয় ১৬ হাজার ৫২১ স্বাক্ষর পেলে তবেই তা গণভোটে গড়ানোর কথা। গত বৃহস্পতিবার স্বাক্ষর আদায়ের ১৫তম ও শেষ দিন শেষে দেখা যায় অনাস্থা ভোটের পক্ষে ২০ হাজার ৭৩১ স্বাক্ষর গৃহীত হয়েছে। যারই ফলে আগামী তিন মাসের মধ্যে গণভোটের মুখোমুখি হতে হবে বার্তোমিউকে।
ক্লাবটির ইতিহাসে এর আগে দুবার ১৯৯৮ ও ২০০৮ সালে গণভোট হলেও শেষমেশ টিকে গিয়েছিলেন তত্কালীন সভাপতি হোসে লুইজ নুনিয়েজ ও হুয়ান লাপোর্তা। এ তথ্যটা নিশ্চয়ই বার্তোমিউকে কিছুটা স্বস্তি দেবে।
তবে বার্তোমিউকে স্বস্তি দিচ্ছেন না সাবেক কোচ কিকে সেতিয়েন। চুক্তি বাতিল করার পরে ক্ষতিপূরণ এখনো পাননি তিনি ও তার তিন সহকারী, ফলে ক্লাবকে আইনি নোটিশ পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।