স্পোর্টস ডেস্ক
ইউরোপা লিগ শুরুর আগেই যাত্রা শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল টটেনহ্যাম হটস্পারের। লোকোমোটিভ প্লভদিভের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষমেশ ২-১ ব্যবধানের জয় তুলে নিতে সক্ষম হয়েছে কোচ হোসে মরিনহোর দল।
গোলশূন্য প্রথমার্ধের পর নাটকের শুরু ৭২ মিনিটে। গিওর্গি মিনচেভের গোলে স্বাগতিক প্লভদিভ যখন এগিয়ে গেল, ইউরোপা প্লে অফ থেকেই বিদায়ের শঙ্কা মাথাচাড়া দিয়ে ওঠে স্পার্স শিবিরে। তবে অধিনায়ক হ্যারি কেইনের ৮০ মিনিটের পেনাল্টি গোলে আশা ফেরে মরিনহোর দলে। এর আগে পেনাল্টিটা তারা পায় স্বাগতিক ডিফেন্ডার মমচিলের হ্যান্ডবলে, লাল কার্ডও দেখেন তিনি।
এর কিছু পর আরো এক প্লভদিভ খেলোয়াড় লাল কার্ড দেখেন, এবার অপরাধটা ছিল আরো গুরুতর। স্পার্স মিডফিল্ডার ট্যাক্সগুয়ে এন্ডম্বেলেকে থুতু মেরে লাল কার্ড দেখেন বার্সেন্ট ক্যারাগেরেন। এর কিছু পর এন্ডম্বেলের গোলেই জয় নিশ্চিত করে টটেনহ্যাম।
কোচ মরিনহো ম্যাচ শেষে একে দেখলেন ঝুঁকিপূর্ণ হিসেবে। বললেন, ‘এক লেগের খেলা হওয়ায় এটা এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। তার ওপর যখন ওরা গোল করে বসল, আমরা কিছুটা হকচকিয়ে গিয়েছিলাম। তবে আমরা নিজেদের ঝুঁকিগুলো নিয়েছিলাম, তারই ফল এই জয়।’