‘চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছে লিভারপুল’

স্পোর্টস ডেস্ক

গেল মৌসুমে লিগ শিরোপাটা অনেক আগেই জিতে নিয়েছিল লিভারপুল। কাজটা এবারও করতে প্রস্তুত কোচ য়ুর্গেন ক্লপের শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে আগামীকাল চেলসির মুখোমুখি হবে তার দল, তার আগে কোচ ক্লপ জানালেন চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত হচ্ছে তার দল।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে জার্মান এই কোচ বলেন, ‘এটা পুরোপুরি স্বাভাবিক যে আমাদের আরো কিছু উন্নতি করতে হবে কারণ অন্য দলগুলোও কয়েক ধাপ এগিয়ে যাবে। আমরা চ্যাম্পিয়নের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমরা আসলে নতুন চ্যালেঞ্জের সমাধানটা খুঁজে বের করতে চাই, সেগুলো নিয়ে সমস্যায় পড়ার আগেই। এটা ঠিক উন্নতি নয়। এভাবেই ফুটবল কাজ করে।’

লিডসের বিপক্ষেই বেশ কয়বার নড়বড়ে রক্ষণের খেসারত দিয়েছিল লিভারপুল। অলরেড কোচ জানালেন, সঠিক পদ্ধতিটা খুঁজে বের করাটাই তার দলের আপাতত লক্ষ্য। বললেন, ‘আমরা অনেক ভালো কাজ করেছি, প্রথম কাজটা হচ্ছে সেটা আবার করে দেখানো। আর তাই ব্যাপারটা কেবলই চ্যালেঞ্জেরই নয়, এটা সঠিক পদ্ধতি আর পরিকল্পনাটা চলতি মৌসুমে আবারও খুঁজে বের করা।’