হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যু খবরে রাজধানীর আজগর আলী হাসপাতালের সামনে তার সমর্থক, ভক্ত আলেম ও মাদ্রাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করে স্লোগান দিয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত হাসপাতালের সামনেই তারা বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে বিক্ষোভকারীরা মাওলানা আহমদ শফীর জানাজায় হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরীর অংশগ্রহণে নিষেধাজ্ঞা জানিয়ে স্লোগান দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা আহমদ শফীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই আজগর আলী হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন তার সমর্থকরা। ঢাকার আলেমরাও তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন। এসময় তার সমর্থক, ভক্ত আলেম ও মাদ্রাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আল্লামা আহমদ শফীর মৃত্যুর জন্য হাটহাজারী মাদ্রাসার গত তিন দিনের বিক্ষোভকে দায়ী করেন। কেউ কেউ আহমদ শফীকে জাতীয়ভাবে জানাজা ও দাফনের দাবি করেন। পরে একাধিক আলেম বিষয়টি নিয়ে ভিন্ন কোনো মতপ্রকাশ না করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।