কুয়েতে এমপি কাজী পাপুলের বিচার শুরু জামিন নাকচ

অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার বাংলাদেশি সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুলের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার কাউন্সিলর আব্দুল্লাহ আল-ওসমানের অপরাধ আদালতে এই বিচার শুরু হয়। কুয়েতের ইংরেজি সংবাদমাধ্যম আরব টাইমসের অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ১ অক্টোবর মামলার পরবর্তী সময়ে শুনানির দিন ধার্য হয়েছে। পাপুলের পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে রাখার আদেশ দেয়।

লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে সময় তার প্রতিষ্ঠানের একজন হিসাবরক্ষকসহ আরো কয়েক জনকেও গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ঘুষ দেওয়া, অর্থ পাচার, মানব পাচার এবং ভিসার অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

বসবাসের অনুমতির অবৈধ লেনদেনের ব্যাপারে কুয়েতের সরকার অভিযান শুরু করার পর এই গ্রেফতারের ঘটনা ঘটে। পাপুলের সঙ্গে অভিযুক্ত হিসাবে রয়েছেন কুয়েতের দুই জন সংসদ সদস্য সাদুন হাম্মাদ আল-ওতাইবি ও সালাহ আবদুলরেদা খুরশিদ। তবে এই দুই জনের সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন এমপি পাপুল।