আখেরি চাহার শোম্বা ১৪ অক্টোবর

দেশের আকাশে গতকাল শুক্রবার সন্ধ্যায় পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। আজ শনিবার থেকে ১৪৪২ হিজরি সনের পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ১৪ অক্টোবর আখেরি চাহার শোম্বা পালিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। আরবি ভাষায় সফর মাসের শেষ বুধবার-কে ‘আখেরি চাহার শোম্বা’ বলা হয়। ৬৩২ খ্রিস্টাব্দের ২৭ সফরের বুধবার হযরত মুহম্মদ (স.) দীর্ঘ সময় রোগ ভোগের পর সুস্থতা বোধ করে গোসল করেছিলেন বলে হাদিস শরিফসহ বিভিন্ন কেতাবে উল্লেখ আছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এস এম মাহফুজুল হক, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, ওয়াকফ প্রশাসক এস এম তারিকুল ইসলাম, বিটিভির পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) আবু মোহাম্মদ, আবহাওয়া অধিদফতরের মো. আবদুল মান্নান, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।