নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আরও দুইজনের মৃত্যু

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আব্দুল আজিজ (৪০) ও ফরিদ (৫৫)  নামে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩। 

শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল আজিজ।তার শরীরের ৪৭ শতাংশ পুরে গিয়েছিল। এর পর দুপুরে ফরিদ মারা যান। ফরিদের (৫৫) দেহের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। তারা দুজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে গুরুতর আহত বাকি তিনজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা শঙ্কামুক্ত নয়।

বিস্ফোরণের সময় আজিজ মসজিদের সামনেই তার লন্ড্রির দোকানে কাজ করছিলেন। বিস্ফোরণে দোকানের গ্লাস ভেঙে আগুনের হলকা এসে ঢোকে তার দোকানে। ফরিদ ত্রিশাল থেকে মেয়ের বাড়িতে বেড়াতে এসে নামাজ পড়তে ওই মসজিদে গিয়েছিলেন। 

আরো পড়ুন : চলতি বছরেই ২ কোটি ডোজ ভ্যাকসিন আনছে মডার্না

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। 

 

ইত্তেফাক/ইউবি