আর্জেন্টিনা ও ব্রাজিল তাদের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে গত শুক্রবার রাতে। গেল মৌসুমে দারুণ খেলা আনহেল ডি মারিয়ার জায়গা হয়নি আর্জেন্টিনা দলে। তবে নিষেধাজ্ঞা সরে যাওয়ার কারণে দলে আছেন অধিনায়ক লিওনেল মেসি। এদিকে ব্রাজিল দলে ফিরেছেন লিভারপুল গোলরক্ষক এলিসন বেকার।
সম্প্রতি ফিফা দক্ষিণ আমেরিকান দলগুলোকে আশ্বস্ত করেছে যে, করোনা ভাইরাসের প্রকোপ থাকা সত্ত্বেও ক্লাবগুলো খেলোয়াড়দের জাতীয় দলে খেলা থেকে বাঁধা দিতে পারবে না। এরই পর বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা করে দলগুলো। এর আগে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই গত মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায়। এরপর সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা ছিল, সেটাও পিছিয়ে গেছে একই কারণে। এবার নতুন সূচি অনুযায়ী আগামী অক্টোবরে সূচনা হচ্ছে ২০২২ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ের।
আগামী ৮ ও ১৩ অক্টোবর ইকুয়েডর আর বলিভিয়ার মুখোমুখি হওয়ার কথা লিওনেল মেসিদের।
এ ম্যাচকে সামনে রেখে ঘোষিত দলে ডি মারিয়া ছাড়াও নেই সার্জিও আগুয়েরো। চোটের কারণে নেই তিনি। দলে ফিরেছেন আতালান্তায় দারুণ মৌসুম কাটানো পাপু গোমেজ, ফিরেছেন ২০১৮ বিশ্বকাপে খেলা ক্রিশ্চিয়ান পাভন। এদিকে আগামী ৯ ও ১২ অক্টোবর যথাক্রমে বলিভিয়া ও পেরু ম্যাচকে সামনে রেখে ব্রাজিল বেশ প্রত্যাশিত এক দলই ঘোষণা করেছে। চোটের কারণে আগের প্রীতি ম্যাচে খেলতে না পারা এলিসন বেকার ফিরেছেন দলে।
n আর্জেন্টিনা দল
গোলরক্ষক: অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্তিনেজ।
ডিফেন্ডার: নিকোলাস ওটামেন্ডি, হুয়ান ফয়েথ, নিকোলাস টাগ্লিয়াফিকো, জার্মান পেজ্জেয়া, মার্কোস আকুনইয়া, নাহুয়ান পেরেজ, লিওনার্দো বালের্দি, রেনজো সারাভিয়া, ওয়াল্টার কানেমান, ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লুকাস ওক্যাম্পোস, নিকোলাস দমিঙ্গেজ, এক্সেকিয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো পাপু গোমেজ, হোয়াকিন কোরেয়া।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, লুকাস আলারিও, জিওভানি সিমিওনে, ক্রিশ্চিয়ান পাভন।
n ব্রাজিল দল:
গোলরক্ষক: এলিসন, ওয়েভারটন, সান্তোস।
ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল মেনিনো, রেনান লোদি, অ্যালেক্স তেলেস, থিয়াগো সিলভা, মার্কিনিয়োস, ফেলিপে, রদ্রিগো।
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ব্রুনো গিমারেস, ডগলাস লুইজ, এভারটন রিবেইরো, ফেলিপে কোটিনহো।
ফরোয়ার্ড: নেইমার, এভারটন, গাব্রিয়েল জেসাস, রদ্রিগো, রবার্তো ফিরমিনো, রিচার্লিসন ।