দাপুটে সূচনা বায়ার্নের

স্পোর্টস ডেস্ক

সম্ভাব্য সব শিরোপা জিতেই গেল মৌসুমের ইতি টেনেছিল বায়ার্ন মিউনিখ। নতুন মৌসুমের শুরুটাও যেন সেখান থেকেই করল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ২০২০-২১ মৌসুমে বুন্ডেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে শালকে জিরো ফোরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছেন রবার্ট লেভান্ডোভস্কিরা।

মৌসুম শুরুর আগে কোচ ফ্লিকের আগ্রহের কেন্দ্রে ছিল ট্রেবল জয়ের পর সে ধারাটা তার দল ধরে রাখতে পারে কি না, সে ব্যাপারটা। শুরুটা হয় সের্জ গেনাব্রির গোলে। চার মিনিটে জার্মান এই উইঙ্গারের গোলটির পর অবশ্য বায়ার্নকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯ ও ৩১ মিনিটে লিওন গোরেত্স্কা ও রবার্ট লেভান্ডোভস্কির গোলে এগিয়ে বিরতিতে যাওয়া ব্যাভারিয়ানরা আরো ক্ষুরধার হয় দ্বিতীয়ার্ধে। ৪৭ আর ৫৯ মিনিটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পান গেনাব্রি। এরপর ৬৯, ৭১, ৮১ মিনিটে থমাস মুলার, লেরয় সানে আর জামাল মুইসালার গোলে বড় জয় পায় বায়ার্ন। মৌসুম শুরুর ম্যাচে এটাই জার্মান লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয়। গেল মৌসুমে লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও বেশ দাপুটে ছিল বায়ার্ন। টটেনহ্যামকে সাত, চেলসিকে দুই লেগ মিলিয়ে সাত আর বার্সেলোনাকে আট গোলে বিধ্বস্ত করেছিল দলটি। সে ধারাটা নতুন মৌসুমেও ধরে রাখায় সন্তুষ্টি ঝরেছে কোচ ফ্লিকের কণ্ঠে। তিনি বলেন, ‘আমাদের জন্যে দারুণ এক জয় এটা। আমরা চেয়েছিলাম ফলাফলটা এমনই হোক, যেটা আমাদের অবস্থানকে তুলে ধরবে।’