১৮ ক্রিকেটার করোনা নেগেটিভ

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কা সফর উপলক্ষ্যে দ্বিতীয় ধাপে পরীক্ষার প্রথম দিনে নমুনা দিয়েছিলেন ১৮ ক্রিকেটার। শুক্রবার নমুনা দেওয়া ১৮ ক্রিকেটারই করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। গতকাল বিসিবির মিডিয়া বিভাগ এই তথ্য জানিয়েছে। আবাসিক ক্যাম্পের অংশ হিসেবে আজ বিকালে হোটেলে উঠতে বাধা নেই মুমিনুল-তামিমদের। শুক্রবার ক্রিকেটারদের সঙ্গে হোটেল সোনারগাঁর ৩৫ কর্মীর নমুনা নেওয়া হয়েছিল। যদিও গতকাল তাদের পরীক্ষার ফলাফল সম্পর্কে কিছুই জানায়নি বিসিবি।

গতকাল আরো ৯ ক্রিকেটারের নমুনা নেওয়া হয়েছে করোনা পরীক্ষার জন্য। তারা সবাই ঢাকার বাইরে থেকে এসেছেন। গতকাল সকালে ঢাকায় এসে বিসিবি একাডেমিতে উঠেছেন অফস্পিনার নাঈম হাসান ও পেস বোলার হাসান মাহমুদ। আজ সকালে জাতীয় দলের অনুশীলন শুরুর কথা রয়েছে।