দৌড়বিদ সাইক্লিস্ট ও সাঁতারুদের পদচারণায় মুখর ওসমানীনগর

শিপন আহমদ, ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

পঁচিশ-পঁয়ত্রিশ বছর বয়সি তরুণদের এক সঙ্গে মিলিত হয়ে সাঁতার, দৌড় ও সাইক্লিং দেখে, দৌড়াতে দেখা গেছে উত্সুক জনতাকেও। বৃহত্তর সিলেটের মধ্যে ওসমানীনগরেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ট্রায়াথলন ও ডুয়াথলন প্রতিযোগিতা ২০২০। মুজিবশতবর্ষ উপলক্ষ্যে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও রানার্স কমিউনিটির আয়োজনে শুক্রবার বালাগঞ্জের বোয়ালজুর বড়বাগা নদী থেকে ট্রায়াথলন ও ওসমানীনগরের তাজপুর কদমতলা এলাকা থেকে ডুয়াথলন প্রতিযোগিতা শুরু হয়ে তাজপুর এসে শেষ হয়। ট্রায়াথলন দল উপজেলার ময়নাবাজার এলাকায় এসে সাঁতার শেষ করে সেখান থেকে সাইক্লিং করে বালাগঞ্জ উপজেলা সদর ঘুরে ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে তাজপুরে পৌঁছান। সেখানে সাইকেল রেখে ১০ কিলোমিটারের দৌড় শুরু করেন। এ দৌড়ের মাধ্যমেই সমাপ্তি রেখায় পৌঁছান ট্রায়াথলনের প্রতিযোগীরা।

প্রতিযোগিতায় জাতীয় লেভেলের এথলেটরা ছাড়াও সাঁতার, সাইক্লিং ও রানিং ফেডারেশন প্রতিযোগীসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৩৫ জন প্রতিযোগী অংশ নেন। সকাল ১১টায় উপজেলার তাজপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপজেলা শাখার সভাপতি আনিচ্ছুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও  শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মাছুম আহমদ ও এস এম সুহেলের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া। উপজেলা রানার্স কমিউনিটির সমন্বয়ক কে এম সুহেবুর রহমান, লায়েক রহমান, মঞ্জুর আহমদ আরিফ, সাদেক মিয়া, ফয়সল আহমদ, ছালেহ আহমদ ছালিক।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হন ট্রায়াথলনের প্রতিযোগী আশরাফুল আলম কাশেম, দ্বিতীয় নিলয় হাসান, তৃতীয় মো. মুনসুর আহমদ, ডুয়াথলনের প্রথমস্থান অর্জনকারী উত্স ধর, দ্বীতীয় তাসিন আহমদ ও তৃতীয় স্থান অর্জনকারী দীপ চক্রবর্তীকে নগদ টাকাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় প্রতিযোগিতায় ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারীদেরকে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।