মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
যৌতুক না পেয়ে শ্বশুরবাড়িতে এসে স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ চার জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যৌতুকলোভী জামাইকে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। উপজেলার ১ নম্বর মহেড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। গত শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া জানান, স্বল্প মহেড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শিলা আক্তার (২১) সঙ্গে পার্শ্ববর্তী গোড়ান গ্রামের আতোয়ার রহমানের ছেলে স্বপন হোসেনের (২৬) বিয়ে হয়। বিয়ের পর থেকেই বখাটে স্বপন যৌতুকের জন্য স্ত্রী শিলাকে নির্যাতন করে আসছে। অত্যাচার সহ্য করতে না পেরে শিলা বাপের বাড়ি চলে আসে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্বপন শ্বশুরবাড়ি এসে যৌতুকের জন্য ধারালো অস্ত্রের মুখে বাড়ির সবাইকে একটি ঘরের ভেতর জিম্মি করে কুপিয়ে আহত করে। আহতরা হলেন শ্বশুর সিরাজুল ইসলাম (৬০), শাশুড়ি জবেদা বেগম (৫৫), স্ত্রী শিলা আক্তার (২৬) ও শিলার বড় বোন রাফিয়া আক্তার (২৫)। তাদের আর্তচিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, যৌতুকলোভী স্বামী স্বপনকে আটক করে থানায় আনা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিত্সা চলছে।