ইত্তেফাক রিপোর্ট
ইলিশের উত্পাদন বাড়াতে আগামী ১৪ অক্টোবর থেকে ২২ দিন সারা দেশের নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
গত বৃহস্পতিবার মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হবে আগামী অক্টোবরে। এজন্য ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মত্স্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুতও নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার সঠিক সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে ডিম ছাড়ার জন্য। এই সময়কে বিবেচনায় নিয়ে ১৪ অক্টোবর থেকে মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে এ সময় জেলেদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য সারা দেশের তালিকাভুক্ত জেলেদের ভিজিএফ সহায়তা দেওয়া হবে।