সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সারা জীবন জনগণের পাশে থেকে আমার নির্বাচনী এলাকার উন্নয়ন করে যাব। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে আমি জনগণের উন্নয়ন করতে পারছি। শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার জন্য ও জনগণের উন্নয়ন করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। করোনা মহামারিতে সরকারের পাশে থেকে জনগণের সেবা করে যাচ্ছি ও গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এলাকার সেবা করছি। তিনি আরো বলেন, আগামী ইউপি নির্বাচনে যারা জনগণের পাশে থেকে সুখ-দুঃখের ভাগী হবে ও সেবা করবে, তিনি তাদের ভোট প্রদানের কথা বলেন। গতকাল শনিবার সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের জনিপের ডাঙ্গী গ্রামের সামাদের বাড়ি থেকে মজিবর শিকদারের বাড়ি পর্যন্ত এলজিইডির প্রায় ৪১ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে ৭২৫ মিটার রাস্তা এইচবিবিকরণের কাজের উদ্বোধনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উদ্বোধন শেষে চরবিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান শিকদার, সাবেক ভাইস চেয়ারম্যান হারিজুর রহমান হারেজ, মো. রফিকুর রহমান, প্রভাষক মোয়াজ্জেম হোসেন ও অ্যাডভোকেট লুত্ফর রহমান প্রমুখ।
পরে চরবিষ্ণপুর জামতলা ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করে মতবিনিময় সভা এবং এর আগে চরবিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই মরহুম বাচ্চু মিয়ার কবর জিয়ারত করেন তিনি।