দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার দেবীদ্বারে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক দফা ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ফয়েজ উল্লাহ (২৪) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
ঐ মাদ্রাসাছাত্রীর চাচা মো. সফিউল্লাহ দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফয়েজ উল্লাহকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ফয়েজ উল্লাহর মোবাইলে ধারণ করা ধর্ষণের ভিডিও ক্লিপটি উদ্ধার করেছে। ফয়েজ উল্লাহ দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের তেবারিয়া গ্রামের মো. আবদুল আলিম মিয়ার ছেলে এবং দুয়ারিয়া এজি মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। দেবীদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।