বাটাজোর-শরিকল সড়ক
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদীর বাটাজোর-শরিকল সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে থাকা এ সড়কের কোনো কোনো স্থান কাঁদা-মাটিতে ভরে গেছে। বর্তমানে পুরো সড়কটি দিয়ে যানবাহন তো দূরের কথা হেঁটে পার হওয়াও কষ্টের। সড়কের দুরবস্থার কারণে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত ভোগান্তিতে পড়েছেন।
শনিবার সকালে সরেজমিন ঘুরে জানা গেছে, প্রতিদিন সড়কটি দিয়ে গৌরনদী উপজেলার বাটাজোর, শরিকল ও নলচিড়া ইউনিয়ন এবং বাবুগঞ্জ উপজেলার কয়েক হাজার বাসিন্দারা চলাচল করে থাকেন। বরিশাল জেলা শহর, গৌরনদী উপজেলা সদরে যাতায়াতের জন্য এসব এলাকার বাসিন্দাদের একমাত্র ভরসা বাটাজোর-শরিকল সড়ক। এ সড়কের ওপর নির্ভর করে দীর্ঘদিন থেকে বরিশাল-শরিকল রুটে নিয়মিত লোকাল বাস চলাচল করে আসছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, দীর্ঘ কয়েক বছর ধরে সড়কে সংস্কার কাজ না হওয়ায় পিচ-খোয়া উঠে গিয়ে সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ছোট ছোট যানবাহনের চালক ও যাত্রীরা। স্থানীয় অনেক চালক গাড়ি বিক্রি করে অন্য পেশায় চলে গেছেন। স্থানীয় ইজিবাইক চালক রফিক হাওলাদার জানান, ভাঙা রাস্তায় এখন আর গাড়ি চালাইতে পারতেছি না। গাড়ি মেরামতেই রোজগারের অর্থ শেষ হয়ে যায়।
বাটাজোর ইউপি চেয়ারম্যান আ. রব হাওলাদার ক্ষোভের সঙ্গে জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে মানুষের দুর্ভোগের সীমা নেই। তিনি দ্রুত সড়কটি মেরামতের দাবি জানান।
গৌরনদীর উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী জানান, বাটাজোড়-সরিকল সড়কটির অবস্থা খুবই খারাপ। অচিরেই সড়কটি সংস্কার করা হবে। এলজিইডির গৌরনদী উপজেলা অফিসের প্রকৌশলী মো. অহেদুর রহমান জানান, বাটাজোর-শরিকল সড়কটি সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। আশা করা যায়, আগামী মাসে টেন্ডার হবে।