ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল নগর ভবনের সামনে বেওয়ারিশ কুকুর অপসারণের দাবিতে ‘আমরা সচেতন ঢাকাবাসী’ নামে একটি সংগঠন মানববন্ধন করে। একই দাবিতে খিলগাঁওয়ে শরীর চর্চা পরিষদ ও খিলগাঁও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েকটি এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নামকাওয়াস্তে কয়েকটি কুকুর অপসারণ করেছে। কিন্তু ৪০০ বছরের ঐতিহ্যে সমৃদ্ধ এই ঢাকা শহরে কুকুরের যন্ত্রণায় বাসা থেকে বের হওয়া যায় না, মসজিদে নামাজ পড়তে যেতে সমস্যা হয়, বাচ্চারা নির্বিঘ্নে খেলাধুলা করতে পারে না। কারণ পৃথিবীর কোনো সভ্য দেশের রাজধানীতে বেওয়ারিশ কুকুরের এরকম অবাধ বিচরণ মেনে নেওয়া যায় না। তাই ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে এই ডিসেম্বরের মধ্যেই বেওয়ারিশ কুকুর অপসারণের দাবি জানাচ্ছি।
এদিকে ডিএসসিসির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার জন্যই ফেসবুকে ঘুরে বেড়ানো বানোয়াট ছবিগুলো ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন। এই অপতত্পরতা অব্যাহত রাখলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’ এর মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।