বরিশালে পুলিশ সদস্যদের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

নগরীর সিঅ্যান্ডবি রোড মাতৃছায়া স্কুল এলাকায় এক ব্যক্তিকে মারধর করে সঙ্গে থাকা মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। গতকাল শনিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী মো. শামীম আহম্মেদ।

শামীম বলেন, খুলনায় কর্মরত পুলিশ সদস্য কামাল হোসেন ২০১৪ সালে বরিশাল সিটিতে নকশা অনুমোদন ছাড়া ছয় তলা ভবন নির্মাণকাজ শুরু করেন। তারা আমাদের ভবন ঘেঁষে মালামাল রাখেন এবং আমাদের ভবন ঘেঁষে তারা ভবন নির্মাণ শুরু করেন। এতে বাধা দিলে কামাল হোসেন হুমকি দেন। এ ঘটনায় সিটি করপোরেশনে একটি অভিযোগ করা হয়। অনুমোদিত নকশা না থাকায় সিটি করপোরেশন ঐ ভবন নির্মাণকাজ বন্ধ করে দেয়। বাধা উপেক্ষা করে ফের তারা ভবন নির্মাণ শুরু করলে দ্বিতীয় দফায় সিটি করপোরেশনে অভিযোগ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে কামাল হোসেন গত ১৪ সেপ্টেম্বর তাকে মারধর করে মোটরসাইকেল ও ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শামীম কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। কিন্তু কোনো ব্যবস্থা না নিয়ে তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল মীমাংসা হওয়ার প্রস্তাব দেন। তিনি হামলা ও ছিনতাইয়ের বিচার দাবি করেন। এ ব্যাপারে পুলিশ সদস্য কামাল হোসেনের মোবাইলে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে মোটরসাইকেল চুরির একটি তদন্ত রয়েছে বলে স্বীকার করেন কোতোয়ালি থানার এসএই মো. রেজাউল।