একটি দুর্ঘটনা মানুষের জীবনকে একেবারে ওলটপালট করে দিতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এক দম্পতির জীবনে দুর্ঘটনা এসেছে আশীর্বাদ হয়ে। গাড়ি নিয়ে ঘুরতে বের হওয়া ঐ দম্পতি কুইন্সল্যান্ডে গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। যদিও তা তেমন গুরুতর কিছু ছিল না। এরপর তারা একটি শপিংমলের সামনে থেমে সেখান থেকে কিছু কেনাকাটা করেন। সঙ্গে একটি লটারির টিকিটও কেনেন। মজার বিষয়, সেই লটারির টিকিটেই তারা জিতেছেন সাড়ে ৪ লাখ ডলারের (২৭ কোটি টাকা) জ্যাকপট।
লটারি জেতার পর দারুণ উচ্ছ্বসিত এই দম্পতি। বিশাল এই টাকার পুরস্কার জেতার পর এ দম্পতি পরিকল্পনা করছে এখন তারা তাদের জন্য নতুন একটি বাড়ি কিনবেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত গাড়িটি বদলে নতুন একটি গাড়িও কিনতে চান। তবে লকডাউন পরিস্থিতি ভালো হলে দেশের বাইরে ভ্রমণেরও পরিকল্পনা রয়েছে তাদের। জ্যাকপট জেতার পরও তাদের একটি ছোট্ট আফসোস কিন্তু রয়েই গেছে। তারা জানান, তারা নাকি অন্য একটি ড্র-এর জন্য লটারির টিকিট কিনতে চেয়েছিলেন। কিন্তু ভুল করে এই ড্র-এর একটি টিকিট তাদের ধরিয়ে দেওয়া হয়েছিল। —ইউপিআই