নান্দাইলে হাওর ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। মুকসুদপুরে তিন মোটরসাইকেল আরোহীসহ চার জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
নান্দাইল (ময়মনসিংহ): শেরপুর থেকে কিশোরগঞ্জের নিকলী হাওর ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। গতকাল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল উপজেলার ঘোষপালা নামকস্থানে মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। নিহতরা হলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহাদ আলম (৩২) ও তার পুত্রসন্তান তোরান (৫) ও ঝর্ণা আক্তার (৪৫)। শেরপুরের শ্রীবরদী ও জামালপুরের বকশিগঞ্জের আত্মীয়-স্বজনের একটি দল মাইক্রোবাসে করে কিশোরগঞ্জের নিকলী হাওর ভ্রমণে যাচ্ছিল। ঘোষপালা নামক স্থানে পৌঁছালে মহাসড়কে একটি মৃত কুকুরকে পাশ কাটিয়ে মাইক্রোবাসটি অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
মুকসুদপুর (গোপালগঞ্জ): মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় বাসের নিচে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের ঘর্ষণের ফলে বাসটিতে আগুন ধরে যায়। শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার চন্ডীবর্দী গ্রামের আনু সরদারের ছেলে ফয়সাল সরদার (৩০), একই গ্রামের সফি শেখের ছেলে লিয়াকত শেখ (২৭) ও গোপীনাথপুর গ্রামের বিলাল ঠাকুরের ছেলে আল আমিন (২৫)।
হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের চাপায় মালেকা বেগম নামে (৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালেকা বেগম উপজেলার এক্তারপুর গ্রামের সিরাজ আলীর স্ত্রী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।