রাজশাহীর বাগমারায় ট্রাক চাপায় ছাগল মেরে ফেলায় ঐ ট্রাকের চালক আবু তালেবকে (৩৩) পিটিয়ে হত্যা করেছে ছাগলের মালিক ও তার লোকেরা। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ছাগলের মালিক ও তার লোকজন ট্রাকচালককে মারপিট করলে আশঙ্কাজনক অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। নিহত আবু তালেব পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাসিন্দা।
পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ শিবজাইট এলাকায় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তির দুইটি ছাগলকে চাপা দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যান চালক আবু তালেব। পরে ছাগলের মালিক গোলাম মোস্তফা ১০/১৫টি মোটরসাইকেলে করে লোকজন ডেকে নিয়ে ট্রাকের পিছু ধাওয়া করে। রাত সোয়া ৮টার দিকে তারা অন্তত ১৬ কিলোমিটার দূরে পুঠিয়া উপজেলার বাসুপাড়ায় এসে ট্রাকচালক আবু তালেবকে আটক করেন। এসময় তাকে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যান তারা। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ট্রাকচালক আবু তালেব মারা যান। এ ঘটনায় পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছাগলের মালিক ও তার সহযোগীদের আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।