নারী সাংবাদিক ও নারী চিকিত্সককে সাইবার পর্নোগ্রাফির মাধ্যমে ব্ল্যাকমেইলকারী মো. সবুজ প্রমাণিক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও এলাকার একটি হোটেলে থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উত্ত্যক্ত করার কাজে ব্যবহূত হোয়াটসঅ্যাপসহ মোবাইল ফোন জব্দ করা হয়।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সূত্রে জানা যায়, সবুজ বেশ কিছুদিন থেকে কুড়িগ্রাম ও টাঙ্গাইল থেকে এই সাংবাদিক ও চিকিত্সকসহ অনেক নারীকে ব্ল্যাকমেইল ও উত্ত্যক্ত করে আসছিলেন। সবুজ বিভিন্ন নারীদেরকে ফোন করে বলতেন যে, তার কাছে সেইসব নারীর ব্যক্তিগত ও গোপন ভিডিও রয়েছে। এইভাবে তাদেরকে ক্রমাগত হয়রানি করতেন ও তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা দাবি করতেন। তারা রাজি না হলে তাদের কথিত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। একাধিক নারী অত্র বিভাগে অভিযোগ করলে, প্রযুক্তির সহায়তায় সাইবার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।