গরম পানিতে দগ্ধ দুই শিশুর মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় গরম পানিতে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো—কাফরুলের সৌমিতা নাথ সরকার (৩) ও নাখালপাড়ার সাব্বির (১৩ মাস)। গতকাল শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জানা গেছে, তারা বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার দুটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ৬ সেপ্টেম্বর সকালে নাখালপাড়ায় নিজ বাসায় গরম পানিতে দগ্ধ হয়ে শিশু সাব্বির ঢামেক হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সকালে আইসিইউতে মারা যায় সে। শিশু সাব্বিরের বাবা ওয়ার্কশপ কর্মচারী ওমর ফারুক বলেন, খাওয়ার জন্য গরম পানি করে পাত্রে রেখে দিয়েছিল শিশুটির মা শারমিন আক্তার। শিশুটি ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে সেই পানির পাত্রে পড়ে যায়।

এদিকে শিশু সৌমিতার চাচা সুধীর সরকার জানান, কাফরুলের ১৪ নম্বর সরকারি স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকত সৌমিতা। তার বাবা সজল সরকার ও মা শিউলি দেবনাথ। শিশুর দাদি রানী সরকার অসুস্থ। তাই তার গোসলের জন্য গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় গরম পানি করে রাখা হয়েছিল। শিশুটি খেলা করতে করতে ঐ পানিতে পড়ে গিয়ে দগ্ধ হয়।