সায়েদাবাদে ছুরিকাঘাতে পরিবহন কর্মচারী নিহত ৩০ হাজার টাকা ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে ছুরিকাঘাতে বাস কাউন্টার সুপারভাইজার নিহত হয়েছেন। নিহতের নাম আকতার হোসেন সিকদার। গতকাল ভোরে ধলপুরের লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকতার কুমিল্লা জেলার মুক্তিনগর উপজেলার মাইনকারচর গ্রামের মৃত হজরত আলীর ছেলে। আকতার ধলপুর লিচুবাগান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

আকতারের ভাতিজা রাকিব জানান, আকতার হোসেন সায়েদাবাদে একটি বাস কাউন্টারে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে তিনি বাসা থেকে সায়েদাবাদ বাস কাউন্টারে যাওয়ার সময় লিচু বাগান মসজিদের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহতের বুকে ও হাতে ছুরিকাঘাতে জখম ছিল। তিনি বলেন, আকতারের কাছে আনুমানিক ৩০ হাজার টাকা ছিল। যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ নিহতের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে কোনো সিসি ক্যামেরা ছিল না। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।