ইত্তেফাক রিপোর্ট
পাঁচ মাস বন্ধ থাকার পর আজ রবিবার হতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন পুনরায় চালু হচ্ছে। গতকাল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
পরে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছিল। বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা মহামারি এখনো বিরাজমান। বাস্তবতার নিরিখে দলীয় কার্যক্রমের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী দলের নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হচ্ছে।