গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দ্রুত প্রকৃত চোরদের শনাক্ত করার দাবি জানান এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি করেন। পরে মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়।
আরো পড়ুনঃ কালীগঞ্জে সিএনজি অটোরিকশা উল্টে এক যাত্রীর মৃত্যু
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: নূরউদ্দিন আহমেদ বলেন, চুরির ঘটনার প্রতিবেদন আমাদের কাছে যথাসময়ে জমা দেওয়া হয়েছে। এটি এখন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের আলোচনায় জমা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এর মধ্যে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হলেও বাকি ১৫টি কম্পিউটার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া এই চক্রের মূলহোতা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ এপর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম