সিনেমা হল খোলার ঘোষণা চলতি মাসে

বিনোদন রিপোর্ট

 

করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য জনসমাগম নিষিদ্ধ করার কারণে সিনেমা হল বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও হল খোলার অনুমতি পাওয়া যায়নি। আর এ কারণে বিপাকে পড়েছিল হলের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে এবার তাদের অপেক্ষার অবসানের পালা। চলতি মাসেই হল খোলার অনুমতি পাওয়া যেতে পারে বলে জানা গেছে।

হল মালিক ও প্রযোজক-পরিচালকদের সঙ্গে আলোচনা এবং পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে চলতি মাসেই সিনেমা হল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

গতকাল সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে একথা বলেন তিনি। করোনা মহামারির কারণে সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলা সিনেমার। প্রায় ৫ মাস শুটিং বন্ধ ছিল। তবে বর্তমানে শুটিং চালু হয়েছে। কিন্তু বন্ধ আছে সিনেমা হলগুলো। এতে করে বেকার হয়ে পড়েছে সিনেমাপাড়ার লোকজন। বিশেষ করে হল সংশ্লিষ্ট কর্মজীবীদের অবস্থা করুণ। সিনেমা হল খুলে দেওয়ার পরিকল্পনা স্বস্তি দিতে পারে সিনেমা কর্মজীবীদের। করোনা ভাইরাসের কারণে প্রায় ৬ মাস ধরে দেশের সব সিনেমা হল বন্ধ রয়েছে। এতে করে যেমন দর্শক হলমুখি হতে পারছেন না তেমনই সিনেমার সঙ্গে যুক্ত অনেকের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। হল মালিক থেকে শুরু করে কর্মচারী, সকলের আয় এক প্রকার বন্ধ হয়েছে বলা চলে। তবে সিনেমা হল খুলে দিলে একদিকে যেমন চলচ্চিত্রপাড়া প্রাণ ফিরে পাবে, অন্যদিকে তেমনি এর সঙ্গে যাদের জীবন-জীবিকা জড়িত তারাও আবার স্বভাবিক কর্মজীবনে ফিরতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।