খোলপেটুয়ায় বিলীন গাবুরার ট্রলার ঘাট

শ্যামনগরে নদীভাঙন

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

উপজেলার নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরায় ফের ভাঙন শুরু হয়েছে। গতকাল রবিবার ভোর ৪টার দিকে ইউনিয়নের ট্রলার ঘাটটি খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে যায়। এসময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় ফিরোজ ও আবুল হোসেনসহ অনেকে জানান, খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে ভাঙনের মাত্রা ক্রমেই বাড়ছে। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, রবিবার ভোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ৩ শতাধিক ফুট খোলপেটুয়া নদীতে খাঁড়াভাবে ধসে পড়ে। ঐ স্থানে নির্মিত ট্রলার ঘাটটি নদীতে বিলীন হয়ে যায়।

নদীতে প্রবল স্রোতে ভাঙন দ্রুত বাড়ছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে গাবুরায় একমাত্র সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা সরকারের দৃষ্টিনন্দন প্রকল্পটি নোনা পানিতে তলিয়ে যাবে। এতে ইউনিয়ন জুড়ে তীব্র খাবার পানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা আছে। তিনি দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। শ্যামনগর উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) রাশিদুর রহমান বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।