চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
চিলমারী উপজেলায় মৌসুমি জ্বরের প্রাদুর্ভাব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এ জ্বরে শিশু-বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছে। প্রতি বাড়ি বাড়ি কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। এ জ্বরে সর্দি, মাথাব্যথা, কাশি, গলাব্যথা দেখা দেয়। উপজেলার মাটিকাটা এলাকার মুকুল মিয়ার মেয়ে মাইশা (৭) পাঁচ দিন যাবত্ এ জ্বরে ভোগার পর সুস্থ হয়। শান্তিনগর এলাকার নুরুল আমিন (৭০) তিন দিন ধরে জ্বরে ভোগার পর সুস্থ হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জোবায়ের জানান, এ জ্বর তিন থেকে পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হয়। জ্বরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪ ডিগ্রি পর্যন্ত ওঠে। ঘনঘন গা মুছে দেওয়া ও প্যারাসিটামল খেলেই জ্বর সেরে যায়। পাঁচ দিনের বেশি জ্বর থাকলে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়।