ম্যানচেস্টার ইউনাইটেড ১
ক্রিস্টাল প্যালেস ৩
স্পোর্টস ডেস্ক
গেল মৌসুমটা যেভাবে শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, সে অনুপাতে চলতি দলবদলের বাজারে তেমন কোনো শোরগোল নেই দলটির। তার ওপর প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-১ গোলে হার ঘোর অন্ধকারই রচনা করেছে ওল্ড ট্র্যাফোর্ডে।
২০১৯-২০ মৌসুমে ক্রিস্টাল প্যালেসের পারফর্ম্যান্স বাজে হওয়া সত্ত্বেও ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়েছিল কোচ রয় হজসনের দল। ওলে গুনার সোলসারের শিষ্যদের জন্য সেটা ম্যাচের আগে একটা সতর্কবার্তাই ছিল বৈকি।
অ্যান্দ্রোস টাউন্সেন্ডের গোলে সতর্কবার্তাটা ঘোর বিপদে রূপ নিল ম্যাচের ৭ মিনিটেই। বিরতির আগে আর গোল হজম না করা ইউনাইটেড এ সময়ে বলার মতো সুযোগও সৃষ্টি করতে পারেনি। ৭০ মিনিটে পেনাল্টি থেকে উইলফ্রেড জাহার কল্যাণে ব্যবধান বাড়ায় ক্রিস্টাল। এর ঠিক ১০ মিনিট পর অভিষিক্ত ডনি ফন ডি বিকের গোলে ওল্ড ট্র্যাফোর্ডে কিছুটা আশা জাগলেও ৮৫ মিনিটে জাহার দ্বিতীয় গোলে মিইয়ে যায় সব।
ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-১ ব্যবধানে হারটিই শেষ ২৫ বছরে ইউনাইটেডের সবচেয়ে বাজে শুরু। তবে হতাশার পিঠে আশার আলোও আছে সোলসার-শিষ্যদের। ১৯৯৫-৯৬ মৌসুমে লিগের শুরুর ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৩-১ ব্যবধানে হারের পর সে মৌসুমে শেষমেশ লিগটা ঠিকই জিতেছিল কোচ অ্যালেক্স ফার্গুসনের দল।
তবে কোচ সোলসার সে আশার পথে হাঁটলেন না। জানালেন, প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস জিতেছে যোগ্য দল হিসেবেই। নরওয়েজিয়ান কোচের ভাষ্য, ‘আপনারা দেখেছেন আমরা কোথায় পিছিয়ে ছিলাম আর তারা যোগ্য হিসেবেই পয়েন্টগুলো পেয়েছে। ট্যাকল আর চ্যালেঞ্জগুলো তারা আমাদের চেয়েও নিখুঁতভাবে করেছে। আমরা শুরুটা কিছুটা ধীরগতিতে করেছিলাম আর তার একটা পরিষ্কার প্রভাব ছিল পুরো ম্যাচেই, যখন তারা প্রথম গোলটা পেয়ে যায়।’ পুরো ম্যাচের ৭৬ ভাগ সময় বলের দখল ছিল ইউনাইটেডের। অন্যদিকে সফরকারী ক্রিস্টাল প্যালেসের পায়ে ২৪ ভাগ সময় বল থাকলেও প্রতিপক্ষ গোলমুখে শট ছিল রেড ডেভিলদের চেয়েও বেশি। কোচ সোলসার জানালেন, নিজেদের সামর্থ্যের পুরোটা দিতে পারেনি দল।
ইউনাইটেড কোচের কথা, ‘মাঠে ও মাঠের বাইরে যে খেলোয়াড় আমাদের আছে, আমরা জানি এদের দিয়ে আরো ভালো খেলা সম্ভব। ঠিক জায়গায় কিছু পাওয়া গেলে আমরা অবশ্যই উন্নতির চেষ্টা করবো, তবে তার আগে আয়নায় নিজেদের দিকে তাকাতে হবে আমাদের।’
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এই হারে রীতিমতো নড়েচড়েই বসেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে মরিয়া হয়ে একজন লেফটব্যাক, সেন্টারব্যাক ও রাইট উইঙ্গার খুঁজছে দলটি। শেষ খবর পাওয়া পর্যন্ত দলটি পোর্তো লেফটব্যাক অ্যালেক্স তেলেসের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। এদিকে কোচ মার্সেলো বিয়েলসা প্রিমিয়ার লিগে নিজের প্রথম জয়টি তুলে নিয়েছেন। হেল্ডার কস্তার জোড়া গোল, মাতেউস ক্লিখ আর প্যাট্রিক ব্যামফোর্ডের লক্ষ্যভেদে ফুলহ্যামকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে তার দল লিডস ইউনাইটেড।