স্পোর্টস রিপোর্টার
করোনার কারণে থমকে ছিল ক্রিকেট। ক্রিকেটাররাও গৃহবন্দী ছিলেন প্রায় চার মাস। গত ১৯ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে একাকী অনুশীলন শুরু করেছিলেন ক্রিকেটাররা। ধীরে ধীরে গ্রুপ ধরে অনুশীলন করেছেন। গতকাল শুরু হলো দলগত অনুশীলন। শ্রীলঙ্কা সফরকে টার্গেট করে শুরু হওয়া স্কিল ক্যাম্পে গতকাল দলবদ্ধ অনুশীলনে ফিরে স্বস্তিতে মাহমুদউল্লাহ রিয়াদ। এমন অনুশীলনে সবার উপকৃত হওয়ার সুযোগ রয়েছে বলেই মনে করেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
গত মার্চে জিম্বাবুয়ে সিরিজের পর গতকালই প্রথম দলীয় অনুশীলনে নামলো টাইগাররা। গতকাল শুরু থেকেই বেশ চনমনে ছিলেন সবাই। নতুন অনুশীলনে জার্সি দেওয়া হয়েছে সবাইকে। দলগতভাবে রানিং, স্ট্রেচিং, গা গরমের ফুটবল খেলায় হুল্লোড় করেছেন মুমিনুল-মুশফিকরা। পরে সেন্টার উইকেটে পূর্ণ উদ্যমে অনুশীলন করেছেন। যেন চেনা রুপে ফিরল বাংলাদেশ দল।
দলীয় অনুশীলনে ফেরার স্বস্তি জানাতে গিয়ে গতকাল মাহমুদউল্লাহ বলেছেন, ‘যেহেতু আমরা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছি, ব্যাটিং করছি ৪-৫ সপ্তাহ হলো। ব্যক্তিগতভাবে অনেক কাজ করার ছিল। ব্যাটিং কোচের সঙ্গে কথা হয়েছিল, সে নির্দেশনা অনুসারে কী কী কাজ করা দরকার ছিল বোলিং মেশিনে সেসব করেছি। এখন সতীর্থদের সঙ্গে কাজ করছি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হচ্ছে। সতীর্থরাও বেশ উত্ফুল্ল এবং আমিও। কারণ দিনশেষে এটা একটা দলীয় খেলা, দলের সবার সঙ্গে মিলে অনুশীলনটা যদি উপভোগ করা যায় ওটা আরো বেশি কার্যকর হয় নিজের জন্য ও সতীর্থদের জন্য।’
শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তা না কাটলেও বাংলাদেশ নিজেদের প্রস্তুতি নিয়ে রাখছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী লঙ্কান মিশনের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল।