বনের পাখি ভেবে ছেড়ে দেবেন না

শখে প্রচুর মানুষ পাখি পালন করছে। পাখিপালন অনেকের আয়ের উত্স। বিদেশি পোষাপাখির মধ্যে রয়েছে বাজরিগার, লাভবার্ড, ফিঞ্চ, ডোভ, ককাটেইল ইত্যাদি। এরা একসময় বনেই বাস করত। পরে এদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাঁচায় নিয়ে আসা হয়। এরা খাঁচার মধ্যে ডিম পাড়ে। বাচ্চাও ফুটায়। মুক্ত পরিবেশ এদের জন্য নয়। মুক্ত স্থানে ছেড়ে দিলে এরা বাঁচে না। কাকসহ বনের অন্য পাখির আক্রমণ থেকে নিজেদের টিকিয়ে রাখার সক্ষমতা তাদের নেই। দুঃখের বিষয়, ইদানীং সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে এইসব খাঁচার পাখি ছেড়ে দেওয়া হয়। যা এক অর্থে এদের হত্যা করা। খাঁচার পাখি খাঁচাতেই শোভা পায়। কোটি টাকার পাখি কেনাবেচা হয় আমাদের দেশে।  বাইরেও রয়েছে পোষাপাখির বড় বাজার। খাঁচার পাখি ছেড়ে দেওয়া দেখলে মন খারাপ হয়। কোনটা খাঁচার, কোনটা বনের পাখি—তা জানা কঠিন নয়। শান্তির প্রতীক পায়রা ছেড়ে অনুষ্ঠান করা যায়। খাঁচায় বিদেশি পাখি পালন আমাদের দেশের আইনে বৈধ। তাই খাঁচার পাখিকে খাঁচায় রাখুন। মুক্ত করে দিয়ে মৃত্যুর মুখে ফেলবেন না। সবার কাছে একান্ত অনুরোধ।

মুহাম্মদ শফিকুর রহমান

মিরপুর ১২, ঢাকা