ইত্তেফাক রিপোর্ট
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাভাবিক চিকিত্সা কার্যক্রম আবার শুরু হয়েছে। গতকাল রবিবার থেকে নতুন আঙ্গিকে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন থেকে করোনা চিকিত্সা ছাড়া সবধরনের রোগের চিকিত্সা দেওয়া হবে এই হাসপাতালে। রোগী ভর্তি, জরুরি ও বহির্বিভাগে চিকিত্সা গ্রহণ করতে পারবেন যে কেউ।
হাসপাতালের উপপরিচালক ডা. আনিসুজ্জামান গতকাল দুপুরে জানান, হাসপাতালের জরুরি বিভাগ সার্বক্ষণিক খোলা রয়েছে। যেকোনো রোগী ২৪ ঘণ্টা সেখান থেকে চিকিত্সাসেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও প্রতিদিন সকালে আউটডোরে ও বিকালে স্পেশালাইজড চিকিত্সকরা নিয়মিত রোগী দেখবেন। হাসপাতালটিতে জীবাণুমুক্ত পরিবেশে রোগীদের সবধরনের চিকিত্সা ও টেস্টের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। হলি ফ্যামিলি হাসপাতালটি গত কয়েকমাস যাবত্ করোনা রোগীদের চিকিত্সা দিয়ে আসছিল। ১৫ সেপ্টেম্বর থেকে সরকারের সঙ্গে এসংক্রান্ত চুক্তির অবসান ঘটে।