সূচকের পতন, বেড়েছে লেনদেন

শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব কটি মূল্যসূচকের পতন হয়েছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।

গতকাল লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে প্রথম আধাঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বাড়ে ১৮ পয়েন্ট। তবে এরপর চিত্র বদলে যায়। পতনের খাতায় নাম লেখাতে থাকে একের পর এক প্রতিষ্ঠান। যার ফলে ঋণাত্মক হয়ে পড়ে সূচক।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮ পয়েন্টে নেমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। অর ডিএসই শরিয়াহ্সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫৩ পয়েন্টে অবস্থান করছে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস সূচক কমল। সূচকের এই পতনের দিনে ডিএসইতে অংশ নেওয়া ১২৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে কমেছে ১৯৪টি এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারে লেনদেন হয়েছে ১ হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১৩ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯০ কোটি ৯ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির ৫৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৩২ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৪ কোটি ৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—নিটল ইনসিওরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, ডেল্টা ব্র্যাক হাউজিং, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ব্র্যাক ব্যাংক, রিপাবলিক ইনসিওরেন্স এবং রূপালী লাইফ ইনসিওরেন্স।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দাম বেড়েছে। কমেছে ১৪৬টির এবং ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে।