ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকদের অবরোধ

টিউশন ফি অর্ধেক করার দাবি

ইত্তেফাক রিপোর্ট

স্কুলের টিউশন ফি অর্ধেক কমানোর দাবিতে রাজধানীর গ্রিন রোডের ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকরা গতকাল রবিবার সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। স্কুলের সামনে গ্রিন রোডে সকাল ১১টায় অভিভাবকরা মিছিল করেন। এর আগে টিউশন ফি ৫০ ভাগ কমানোর দাবিতে গত ১২ জুলাই স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ২৬ আগস্ট স্কুলে অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এছাড়া গত ৩ সেপ্টেম্বর স্কুলের সামনে গ্রিন রোডে শতাধিক অভিভাবক জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন।

গতকাল সকাল ১১টায় শতাধিক অভিভাবক গ্রিন রোডে বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে  সেন্ট্রাল হাসপাতালের কাছে গ্রিন রোড অবরোধ করে বিক্ষোভ করেন। অভিভাবকরা সেখানে সমাবেশ করে বক্তব্য দেন। সমাবেশে অভিভাবকরা দাবি করেন, করোনার মহামারিতে দেশের অন্যান্য মানুষের মতো তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকেই চাকরি হারিয়েছেন। কারো মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। আবার কারো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে চরম দুর্বিষহের মধ্যে দিন কাটাতে হচ্ছে।

সমাবেশ শেষে অভিভাবকদের একটি প্রতিনিধি দল স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষিকা ও অন্য শিক্ষকবৃন্দের সঙ্গে দেখা করেন। শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অভিভাবকবৃন্দ স্কুলের মাসিক বেতন কমানোর পক্ষে নানা ধরনের যুক্তি তুলে ধরেন।