গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

রবিবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মুনশেফা আক্তার (৩০)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার শিবপুর এলাকার দুদু মিয়ার স্ত্রী।

নিহতের ভগ্নিপতি আশিক মিয়া জানান, স্বামী-স্ত্রী দুই জনেই ভোগড়া বাইপাস কাঁচামালের আড়তে দিনমজুরের কাজ করত। কয়েক দিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য ওজু করতে যায় মুনশেফা। ওজু করতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়া হয়। বিষয়টি রাতেই পারিবারিকভাবে মীমাংসা করা হয়। রাতে তারা ঘরে ঘুমিয়ে পড়ে। পরে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় স্ত্রী মুনশেফাকে হত্যার পর স্বামী দুদু মিয়া পালিয়ে যায়। রবিবার সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে পার্শ্ববর্তী লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহতের গলায় কাটা দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।