তদন্ত কমিটি গঠন
মানিকগঞ্জ প্রতিনিধি
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন এক কিশোরী রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১১ সেপ্টেম্বর রাতে। এতদিন বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এক প্রকার বাধ্য হয়ে এ ঘটনার আট দিন পর তদন্তের জন্য কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ধর্ষিতার বাবা বলেন, গত ৩ সেপ্টেম্বর জ্বর ও শরীর ব্যথা থাকায় ১৫ বছরের ওই কিশোরীকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে তাকে ১২ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র (ছুটি) দেওয়া হবে বলে ১১ সেপ্টেম্বর রাতে নার্স তার পরিবারকে জানায়। ১১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে হাসপাতালের এক যুবক তাকে ধরে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষিতার মা বলেন, ঘটনার সময় মেয়েকে বেডে না পেয়ে খোঁজাখুঁজি করে বারান্দায় পড়ে থাকতে দেখি। তখন মেয়ের রক্তক্ষণ হচ্ছে দেখে বিষয়টি নার্সকে বলি। কর্তব্যরত নার্স কিশোরীর অবস্থা বেগতিক দেখে ডাক্তার ডেকে আনেন। পরে তাকে মানিকগঞ্জ ২৫০ শষ্যা হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে আমার মেয়েকে এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, চিকিত্সা নিতে আসা রোগীর ধর্ষণের ঘটনাটি খুবই নিন্দনীয়। আশা করি, তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন পেশ করবে এবং অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।