‘নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, করোনা ভাইরাসের সুযোগ নিয়ে তুরাগসহ বিভিন্ন নদনদী এবং নদীর পাড় দখল করে যেসব ভূমিদস্যু অবৈধ স্থাপনা গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রবিবার দুপুরে সাভারের আমিন বাজারের তুরাগ নদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নদী দখলকারীরা যত শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যে ঐহিত্যবাহী তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে গড়ে উঠা প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তবে করোনা ভাইরাসের সুযোগ নিয়ে যারা নতুন করে নদী ও খাল দখল করে অবৈধ হাউজিং ব্যবসা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকার নদীর সৌন্দর্যবর্ধনে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন নদীর গতি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য নদীরক্ষা কমিশন কাজ করে যাচ্ছে।

পরে তিনি তুরাগ নদের গাবতলী ল্যান্ডিং স্টেশন পরিদর্শন করেন। এ সময় বিআইডব্লিটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।