না.গঞ্জে প্রধানমন্ত্রীর উপহার শিশুখাদ্য বিতরণ হয়নি

নষ্ট হওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের শিশুদের জন্য দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশুখাদ্য বিতরণ না করে একটি পরিত্যক্ত রুমে ফেলে রাখায় নষ্ট হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। করোনার মতো দুর্যোগেও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ না করে এভাবে নষ্ট করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় একটি কক্ষে পড়ে রয়েছে প্রায় ১ হাজার প্যাকেট শিশুখাদ্য। এসব প্যাকেটের ওপর সাদা কাগজে লেখা ‘প্রধানমন্ত্রীর উপহার’। ফ্লোরে রাখায় অনেক প্যাকেট নষ্ট হয়ে খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। কিছু কেটে ফেলেছে ইঁদুর ও তেলাপোকায়। যে কক্ষে এসব প্যাকেট পড়ে রয়েছে সে কক্ষটির চারপাশের জানালার অধিকাংশ কাচ ভাঙা। এতে ধুলাবালিতে একাকার হয়ে গেছে প্যাকেটগুলো।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, শিশুখাদ্য এত দিন থাকার কথা নয়। এত দিন থাকলে তা নষ্ট হয়ে যাওয়ার কথা। জেলায় কত জন শিশুকে খাদ্য দেওয়া হয়েছে তার হিসাব না দেখে বলতে পারব না। তবে শিশুখাদ্য যদি থেকে থাকে তাহলে বিতরণ করে দেওয়া হবে।