রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কের সেই এফ আর টাওয়ারসংলগ্ন আহমেদ টাওয়ারের ১৬ তলায় গতকাল রবিবার অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আধাঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত নির্বাপণের কারণে কেই হতাহত হয়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা লোকজন নেমে পড়েন। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভবনটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এফ আর টাওয়ারসংলগ্ন আহমেদ টাওয়ারটি ২২ তলা। ফ্লোরগুলোতে বিভিন্ন কোম্পানির অফিস। এর ১৬ তলায় লিডিংটন বাংলাদেশ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে গতকাল বেলা ১১টার দিকে আগুন লাগে। প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকে ঐ ফ্লোর থেকে। আতঙ্কিত হয়ে পড়েন ভবনের বিভিন্ন অফিসের লোকজন। আশপাশের লোকজনও ধোঁয়া দেখে চিত্কার শুরু করেন। ভবনটির অন্যান্য ফ্লোরে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় লোকজন ভবনটি থেকে দ্রুত নেমে পড়েন। তাড়াহুড়া করে নামার সময় অনেকেই পড়ে সামান্য আহত হয়েছেন। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনের আশপাশ। ফায়ার সার্ভিস কর্মীরা ফ্লোরটির জানালার কাঁচ ভেঙে পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বহুতল ভবনে আগুনের খবরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ছুটে যায় সেখানে।
ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের সিনিয়র অফিসার আবুল কালাম আজাদ বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অফিসের কিছু কাগজপত্র ও আসবাব পুড়েছে। আগুনের উত্স অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করা হবে।