থাইল্যান্ডে ‘জনতার ফলক’ বসাল বিক্ষোভকারীরা

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজতন্ত্রের বিরোধিতা করে এক ‘সাহসী’ বিক্ষোভ আয়োজন করেছে। গতকাল রবিবার এই বিক্ষোভ থেকে তারা রাজতন্ত্রের পতন চেয়ে ‘জনতার ফলক’ স্থাপন করে। তারা বলেছে, থাইল্যান্ড এখন থেকে জনগণের। রাজার নয়। এর মাধ্যমে থাই রাজা মহা ভাজিরালংকর্নকে সরাসরি চ্যালেঞ্জ জানালো বিক্ষোভকারীরা। এদিন ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের কাছে ফলকটি স্থাপন করা হয়। দেশের রাজতন্ত্র ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ চলছে গত জুলাই থেকে।

শনিবার ফের শুরু হওয়া বিক্ষোভে অংশ নিচ্ছে হাজার হাজার লোক। গতকাল জনতার ফলকটি স্থাপন করার পর তারা স্লোগান দেয়, এই দেশটি রাজার নয়, এই দেশটি জনতার। সামন্ত্রতন্ত্র নিপাত যাক। জনগণ বেঁচে থাকুক ইত্যাদি ইত্যাদি। থাইল্যান্ডে প্রকাশ্যে রাজার কিংবা রাজতন্ত্রের সমালোচনা রীতিমতো ‘অপরাধ’ হিসাবে দেখা হলেও গতকাল ‘জনতার ফলক’ স্থাপনের সময় আশ্চর্যজনকভাবে পুলিশ হস্তক্ষেপ করেনি এবং সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। থাই সরকারের একজন মুখপাত্র বলেছেন, পুলিশ এবার প্রতিবাদকারীদের কোনো ফাঁদে পা দেবে না। কারণ তারা জানেন, পুলিশ অ্যাকশনে গেলেই এই আন্দোলন আরো জোরালো হয়ে উঠবে। প্রিন্ট এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পাবে। তাই তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করা হবে না।

প্রতিবাদী নেতা চীবরাক বলেছেন, ‘দুই দিনের মধ্যে আমাদের সবচেয়ে বড় বিজয় এটি। রাজতন্ত্রের বিরুদ্ধে ফলক স্থাপন করতে দেখেও পুলিশ কিছু বলছে না এটা কয়েক মাস আগে কল্পনাও করা যেত না। বিক্ষোভ চলতেই থাকবে বলে তিনি উল্লেখ করেন।—বিবিসি