ঢাকায় সৌদি এয়ারলাইনসকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার পর গতকাল রবিবার তা আবারও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করার ঘোষণা দেয় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় সংস্থাটি। গতকাল এ সিদ্ধান্ত বাতিল করে বেবিচক। সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার অনুমতি না মেলায় এ ব্যবস্থা।
জানা গেছে, করোনা মহামারিতে নিয়মিত ফ্লাইট স্থগিত থাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক আটকে থাকার বিষয়টি বিবেচনা করে প্রতি সপ্তাহে দুটিরও বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল সাউদিয়া এয়ারলাইনস। কিন্তু বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও আগামী ২১ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের তিন গন্তব্যে ফ্লাইট পরিচালনার শিডিউল ঘোষণা করে। কিন্তু এ সিদ্ধান্তের এক দিন পরই বৃহস্পতিবার বিমান জানায়, সৌদি কর্তৃপক্ষের শর্তসাপেক্ষে বাংলাদেশ বিমান বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করলেও সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তী সময়ে এ সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।
করোনার সংক্রমণ শুরু হলে গত মার্চ মাস থেকে সৌদি আরবের সঙ্গে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় সৌদি আরব সম্প্র্রতি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর সৌদি আরবে ফ্লাইট পরিচালনার শিডিউল ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কিন্ত এর পরই ফ্লাইট পরিচালনার অনুমতি না পাওয়ার কথা জানালো সংস্থাটি।