করোনায় প্রতিটি মৃত্যুর দায় ট্রাম্পকেই নিতে হবে :বাইডেন

করোনায় কয়েক লাখ মানুষের মৃত্যুর ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর দোষ চাপিয়েছেন যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। করোনায় সরাসরি ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা ছেড়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। বাইডেন বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসকে সামাল দিতে ব্যর্থতার দায় স্বীকার করে ট্রাম্পের উচিত পদত্যাগ করা। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনি সভায় তিনি একথা বলেছেন।

গত ডিসেম্বরে চীনে প্রথম করোনা শনাক্ত হয়। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশে তাণ্ডব চালাচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধু সংক্রমণেই নয়, মৃত্যুতেও সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখের বেশি।  মারা গেছে ২ লক্ষাধিক লোক।

বাইডেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি শুরু থেকেই তার দায়িত্ব পালন করতেন তাহলে করোনায় আক্রান্ত হয়ে এত মৃত্যু হতো না। তিনি অভিযোগ করে বলেন, শেয়ারবাজার ও নির্বাচন ছাড়া ট্রাম্পের আর কোনো কিছু নিয়ে মাথাব্যথা নেই। কাজেই এমন এক ব্যক্তির প্রেসিডেন্টের দায়িত্ব পালনের যোগ্যতা নেই।