ভোলার চরফ্যাশন উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে শতাধিক বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এসময় ঘর চাপা পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আছলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে টর্নেডো আঘাত হানে।
স্থানীয় বাসিন্দা মো. রাজিব মাতুব্বরসহ একাধিক ব্যক্তি জানান, হঠাত্ টর্নেডোর আঘাতে ঐ এলাকার বহদ্দারহাট, উচাপুল, মাজেদের দোকান ও ভুলাইমোড় এলাকার শতাধিক ঘর-দোকানপাট বিধ্বস্ত হয়। বেশ কিছু বড় বড় গাছ উপরে পড়ে চরফ্যাশন-বেতুয়া সড়ক বন্ধ হয়ে যায়। পরে গতকাল রবিবার সকালে স্থানীয়রা রাস্তা থেকে গাছ অপসারণ করে।
গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, টর্নেডোর আঘাতে ৫৫ থেকে ৬০টি ঘর বিধ্বস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে চাল, ঢেউ টিন ও নগদ টাকা দেওয়া হবে।