লালমোহনে বন্ধুর মাকে খুন করার ২০ বছর পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলাউদ্দিন কালামবুল্লাহ গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। গতকাল রবিবার লালমোহন থানার ওসি (তদন্ত) বশির আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কালামবুল্লাহ গ্রামে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করে। দীর্ঘ প্রায় ১৯ বছর শুনানির পর ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। লালমোহন থানার ওসি (তদন্ত) বশির আলম জানান, গ্রেফতার আলাউদ্দিন হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্ত আসামি।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে উপজেলার কালামবুল্লাহ গ্রামে সত্ বাবা জয়নাল কবিরাজকে ফাঁসাতে আপন মা বিবি ছকিনা বেগমকে খুন করে পুকুরে ফেলে দেয় ছেলে ছবিরুল। পরদিন ছবিরুলকে প্রধান আসামি করে পাঁচ জনের বিরুদ্ধে লালমোহন থানায় হত্যা মামলা করেন ছকিনা বেগমের দ্বিতীয় স্বামী জয়নাল কবিরাজ। পরে দীর্ঘ প্রায় ১৯ বছর শুনানির পর ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।