'ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্রের দাবি অবৈধ'

ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা ঘোষণার নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দাবির নিন্দা জানায় মস্কো।

বিবৃতিতে মস্কো বলে, ওয়াশিংটনের বিবৃতিতে আইনগত কর্তৃত্বের অভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগ ও পদক্ষেপগুলো অবৈধ এবং অন্য দেশের জন্য এর কোন আন্তর্জাতিক আইনি গুরুত্ব নেই।

এর আগে, গত ২০ আগস্ট ইরানের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে, নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পরিষদ। এরপর দ্বিতীয় দফাতেও একই প্রস্তাব প্রত্যাখ্যাত হলে যুক্তরাষ্ট্র জানিয়ে দেয়, নিরাপত্তা পরিষদ অনুমোদন না মিললেও, ৩০ দিনের মাথায় স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপিত হবে।

এই ধারাবাহিকতায় রবিবার এক টুইটে, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কিন্তু কোন দেশ এককভাবে এ ধরনের ঘোষণা দিতে পারে কি-না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। তবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

ইত্তেফাক/জেডএইচডি