দুর্ঘটনায় নিহত ঘানার ছয় ফুটবলার

বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঘানার ছয় ফুটবলার। সম্প্রতি এক বিবৃতিতে ব্যাপারটি জানিয়েছে দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থা ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)।

ঘানার আশান্তি অঞ্চলে আফ্রাঞ্চোয় বয়সভিত্তিক পর্যায়ের লিগে নাম নিবন্ধন শেষে অফিনসোতে ফিরছিল আফ্রিকা ভিশন ফুটবল অ্যাসোসিয়েশনের বাসটি। পথিমধ্যে কুমাসি-অফিনসো রোডে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় সেটি। প্রাণ হারান দেশটির ছয় তরুণ ফুটবলার।

জিএফএর এক বিবৃতিতে বলা হয়, ‘জিএফএর নেতা ও জাতীয় যুব কমিটি জানাচ্ছে যে, ছয় তরুণ ফুটবলার গত শনিবার অফিনসোতে, আশান্তি অঞ্চলে কুমাসির কাছে মৃত্যুবরণ করেছে। জিএফএ মৃতদের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’