ঈশপের গল্প

এক শেয়াল শিকারীদের তাড়া খেয়ে ছুটতে ছুটতে সামনে এক কাঠুরেকে দেখতে পেয়ে বলল—ভাই, আমায় একটু লুকানোর জায়গা দেবে? কাঠুরে তার কুঁড়েঘরটা দেখিয়ে বললে, তুমি ওর ভিতরে লুকাও।

একটু পরেই শিকারীর দল সেখানে হাজির হয়ে কাঠুরেকে জিগেস করল, এই পথ দিয়ে একটা শেয়ালকে যেতে দেখেছ? তার উত্তরে কাঠুরে মুখে বললে, না তো; কিন্তু সঙ্গে সঙ্গে সে হাতের ইশারায় শেয়ালটা যেখানে লুকিয়েছে সেই জায়গাটা দেখিয়ে দিল।

শিকারীর দল কাঠুরের ইশারা না বুঝে মুখের কথাটা শুনেই সেখান থেকে চলে গেল।

শিকারীরা ওখান থেকে চলে যেতেই শেয়াল কাঠুরের ঘর থেকে বেরিয়ে কোনো কিছু না বলেই চলে যাচ্ছিল। কাঠুরে তখন তাকে তিরস্কার করলে, তুমি তো আচ্ছা নিমকহারাম হে,—আমার জন্যে তুমি প্রাণে বেঁচে গেলে, অথচ যাওয়ার আগে আমাকে একটা ধন্যবাদ জানালে না?

শেয়াল তখন থেমে বলল, ধন্যবাদ আমি ঠিকই দিতাম যদি কথার সঙ্গে তোমার কাজের মিল থাকত।

মূল কথা : কথায় নয়, কাজেই লোকের সত্যিকার পরিচয়