বিজ্ঞান কণিকা

পানি

পৃথিবী নামের এই গ্রহে পানি আর পানি। জলেরই রাজত্ব। ভূপৃষ্ঠের ৭০ ভাগেরও বেশি জুড়ে আছে পানি আর তার বেশিরভাগ জমা হয়েছে লোনা পানির সাগর-মহাসাগরে। অবশ্য অলোনা মিঠা পানিও আছে, যথেষ্টই আছে, যেমন বাতাসে, ভেজা মাটিতে, জমাট তুষারে, বহতা নদীনালায়, হ্রদের পর হ্রদে। এত পানি আছে বলেই তার গুরুত্ব ভুলে যাওয়া খুব সহজ। কিন্তু পানি না থাকলে? না থাকলে আর কী, গোটা পৃথিবীটাই মরুভূমি। মারা পড়বে সমস্ত গাছপালা, জীবজন্তু। আর আমরা, এই মানুষেরাও মৃত্যুর হাত থেকে রেহাই পাব না।

 

জলের ঘুরপাক

 

জল সবসময়েই ঘুরে চলেছে। সূর্য সমুদ্রকে তাতায়। ফলে জলকণা উঠে আসে বাতাসে। একেই বলে বাষ্পীভবন। জলকণা ও বাতাসের মিশ্রণ তো বাষ্প। বাষ্প ওপরে গেলেই ঠান্ডা হতে হতে আবার জলকণায় পরিণত হয়, তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীর বুকে। সেই বৃষ্টির পানি পাহাড়-পর্বত বেয়ে নামে নদীনালায়। আর তা থেকে শেষ পর্যন্ত পৌঁছে যায় আবার তার সেই আদি উত্স—সাগর-মহাসাগরে।

সূত্র : পানি/মূল : কিম টেলর। অনুবাদ : দ্বিজেন শর্মা