আইপিএলে আম্পায়ারিং বিতর্ক

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনই আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠল। ঘটনা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের রান তাড়া করতে নামার ১৯তম ওভারে। কাগিসো রাবাদার ইয়র্কার লেংথের বল লং অনে ঠেলে দেন ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল। দুই ব্যাটসম্যান দ্রুত নেন দুই রান। কিন্তু লেগ আম্পায়ার নিতিন মেনন সংকেত দেন, এক রান কম হয়েছে। যদিও, টিভি রিপ্লেতে দেখা যায় দুই রানই হয়েছে।

জর্ডান বেশ স্পষ্টভাবেই ক্রিজ পেরিয়েছিলেন। তবে আম্পায়ারের সিদ্ধান্তে আর বদল আসেনি। ঐ এক রান পরে কাল হয়ে যায় পাঞ্জাবের জন্য। ম্যাচটি শেষ পর্যন্ত হয় টাই। সুপার ওভারে রাবাদার দুর্দান্ত বোলিংয়ের সামনে পেরে ওঠেনি পাঞ্জাব।

বীরেন্দ্র শেবাগ, কিংস ইলেভেন পাঞ্জাব ও ভারতের সাবেক ক্রিকেটার এক টুইটে লিখেছেন, ‘ম্যাচ সেরা হিসেবে যাকে বেছে নেওয়া হয়েছে, আমি তাতে একমত নই। এক রান শার্ট দিয়েছেন যে আম্পায়ার, ম্যাচ সেরা করা উচিত ছিল তাকেই। শর্ট রান ছিল না এবং সেটিই পার্থক্য গড়ে দিয়েছে।’ ক্ষোভ প্রকাশ করেছেন, দলের কর্ণধার ও বলিউড তারকা প্রীতি জিনতাও। তিনি লিখেছেন, ‘মহামারির সময়ও আমি দারুণ উত্তেজনা নিয়ে এখানে এসেছি, ছয় দিন কোয়ারেন্টাইনে থেকেছি, হাসিমুখে ৫ দফায় কোভিড পরীক্ষা করিয়েছি। কিন্তু আমাকে প্রচণ্ড ধাক্কা দিয়েছে এই এক রান কম দেওয়া। প্রযুক্তির দরকার কী, যদি সেটা কাজে না লাগানো হয়! বিসিসিআইয়ের সময় হয়েছে নতুন নিয়ম করার। প্রতি বছরই এ রকম চলতে পারে না।’